পাঁচবিবিতে লাঠির আঘাতে বড় ভাই নিহত, ছোট ভাই আটক
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সরাইল গ্রামে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
নিহত ব্যক্তির নাম আনোয়ার হোসেন স্বপন (৪৬)। এ ঘটনায় জড়িত সন্দেহে তাঁর ছোট ভাই মুনির হোসেনকে (৩৫) আটক করেছে পুলিশ।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, আজ বুধবার সকালে পারিবারিক কলহের জের ধরে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মুনির বড় ভাই স্বপনকে লাঠি দিয়ে আঘাত করেন। এতে স্বপন গুরুতর আহত হন। প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে প্রথমে জেলার পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নেওয়া হয়। কিন্তু সেখানেও তাঁর অবস্থার অবনতি ঘটতে থাকলে বিকেলে তাঁকে সেখান থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট