জয়পুরহাটে বাল্যবিবাহ রোধে মতবিনিময় সভা
জয়পুরহাট জেলায় বাল্যবিবাহ রোধে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকালে জয়পুরহাটের জেলা প্রশাসক আবদুর রহিমের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের মহাপরিচালক অতিরিক্ত সচিব আবদুল হামিদ।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় আগামী ২০১৭ সালের মধ্যে জয়পুরহাট জেলায় বাল্যবিবাহের হার শূন্যের কোঠায় নামিয়ে আনা, আইন অনুযায়ী বিয়ে সম্পন্ন করাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, এনজিও প্রতিনিধি, কাজী ও বিবাহ নিবন্ধকরা অংশ নেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক এস এম সোলায়মান আলী, জেলা সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন হাওলাদার, জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক প্রমুখ।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট