পাঁচবিবিতে অবৈধ বালু তোলার সরঞ্জাম আটক
আজ শনিবার জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ছোট যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি শ্যালো মেশিন, পাম্প, পাইপসহ নানা সরঞ্জামাদি আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। ছবি : এনটিভি
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তসংলগ্ন বাগজানা এলাকা দিয়ে বয়ে যাওয়া ছোট যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি শ্যালো মেশিন, পাম্প, পাইপসহ নানা সরঞ্জামাদি আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ শনিবার বিকেলে এসব সরঞ্জাম আটক করা হয়। তবে এ সময় সেখান থেকে কাউকে আটক করা যায়নি।
পাঁচবিবি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম ফিরোজ হাসানের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় তিনি তদন্ত করে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
ফিরোজ হাসান জানান, নদীতে বোরিং করে বালু উত্তোলনের ব্যাপারে নিষেধাজ্ঞা থাকলেও তা অমান্য করে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে জেলার ছোট যমুনা ও তুলশী গঙ্গাসহ কয়েকটি পয়েন্ট থেকে বালু উত্তোলন করে আসছিল। বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে এ অভিযান চালানো হয়।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট