বদি, মান্নান ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন
অবৈধ সম্পত্তি রাখার অভিযোগে তিনটি পৃথক মামলায় সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান, তাঁর স্ত্রী সৈয়দ হাসিনা সুলতানা এবং সংসদ সদস্য আবদুর রহমান বদির বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বুধবার দুদকের নিয়মিত বৈঠকে এ তিনটি অভিযোগপত্র অনুমোদন দেওয়া হয়। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বার্তা সংস্থা ইউএনবিকে এ কথা জানিয়েছেন।
গত বছর ২১ আগস্ট আবদুল মান্নান খান, আবদুর রহমান বদি ও সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক।
সাড়ে পাঁচ কোটি টাকার অবৈধ সম্পদ থাকার অভিযোগে আবদুল মান্নানের স্ত্রী সৈয়দ হাসিনা সুলতানার বিরুদ্ধে গত বছর ২১ অক্টোবর মামলা করেন দুদকের উপপরিচালক এম নাসির উদ্দিন।
দুদকের তদন্ত অনুযায়ী, মান্নান খান অবৈধভাবে দুই কোটি ৬৫ লাখ টাকার এবং তাঁর স্ত্রী হাসিনা সুলতানা তিন কোটি ৩৫ লাখ টাকার সম্পদের মালিক।
দুদকের তদন্ত বলছে, আবদুর রহমান বদির কাছে আছে অবৈধ ছয় কোটি ৩৩ লাখ টাকার সম্পদ। আবদুর রহমান বদি কক্সবাজারের উখিয়া-টেকনাফ সংসদীয় এলাকার আওয়ামী লীগের সংসদ সদস্য।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সাবেক প্রতিমন্ত্রী মাহবুবুর রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পত্তি রাখার অভিযোগে অভিযোগপত্র অনুমোদন করে দুদক।

অনলাইন ডেস্ক