মুলা রইল রাস্তায়, কৃষক পরপারে
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় আজ সকালে বাসচাপায় এক কৃষক নিহত হন। বাসের ধাক্কায় রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে যায় ওই কৃষকের ব্যাগ। ছবি : এনটিভি
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা সদরের সিদ্দির মোড় এলাকায় বাসচাপায় এক কৃষক নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার কৃষি ব্যাংকসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কৃষকের নাম আসলাম (৩৩)। তিনি আক্কেলপুর উপজেলার রোয়ার খাঁপাড়া গ্রামের প্রয়াত রিয়াজ উদ্দিনের ছেলে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, সকালে দুটি বড় ব্যাগভর্তি নিজ ক্ষেতের মুলা সাইকেলে উঠিয়ে হেঁটে আক্কেলপুর বাজারের দিকে যাচ্ছিলেন আসলাম। পথে আক্কেলপুর সদরের সিদ্দির মোড়ে অবস্থিত কৃষি ব্যাংকের কাছে বগুড়া থেকে ছেড়ে আসা ‘আল্লাহর দান পরিবহন’-এর যাত্রীবাহী একটি বাস তাঁকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসের চাকায় মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় আসলামের।
ওসি আরো জানান, ময়নাতদন্তের জন্য আসলামের লাশ উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট