ক্যামেরনকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী
ব্রিটেনে দ্বিতীয়বারের মতো নির্বাচিত প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে ক্যামেরনের নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টি আবারও জয়ী হয়েছে।
বার্তা সংস্থা বাসস জানিয়েছে আজ শনিবার ক্যামেরনকে অভিনন্দন জানিয়েছেন শেখ হাসিনা।
ক্যামেরনের কাছে পাঠানো অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘আপনি পুনর্নির্বাচিত হওয়ায় আমি আনন্দের সাথে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। পুনরায় আপনার প্রতি জনগণের এই রায় ইউরোপে দ্রুত বর্ধনশীল বিশেষ করে যুক্তরাজ্যের অর্থনীতিকে জোরদার করার লক্ষ্যে আপনার নেতৃত্বের প্রতি জনগণের একটি সুস্পষ্ট স্বীকৃতি।’
প্রধানমন্ত্রী বলেন, ‘যুক্তরাজ্য এবং বাংলাদেশের মধ্যকার সম্পর্ক গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন, সেকুলারিজম এবং অভিন্ন ও পারস্পারিক কল্যাণমূলক স্বার্থের ভিত্তিতে পরিপক্বতা এ স্থায়িত্ব লাভ করেছে।’ তিনি বলেন, ‘যুক্তরাজ্যের কমিউনিটিতে বাংলাদেশিদের অবদান ও উপস্থিতিতে বাংলাদেশ গর্বিত।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আনন্দের সঙ্গে উল্লেখ করতে চাই যে, বাংলাদেশ ও যুক্তরাজ্য গণতান্ত্রিক মূল্যবোধ জোরদার করা, দুস্থদের ক্ষমতায়ন, সন্ত্রাস ও চরমপন্থা মোকাবিলা, জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার জন্য অংশীদারির ভিত্তিতে কাজ করছে।’
শেখ হাসিনা বলেন, ‘ডেভিড ক্যামেরনের যোগ্য ও গতিশীল নেতৃত্বে দুটি দেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক নতুন ক্ষেত্র অনুসন্ধান করে নতুন উদ্যোগে অব্যাহত থাকবে এবং আগামী দিনগুলোতে আরো শক্তিশালী অংশীদারত্ব গড়ে তুলবে।’ তিনি আরো বলেন, ‘আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক বিনিয়োগ, শিক্ষা এবং জ্ঞান বিনিময়ের মাধ্যমে আরো বিকশিত হওয়ার সম্ভাবনা রয়েছে।’
অভিনন্দন বার্তায় ডেভিড ক্যামেরনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমার দৃঢ় বিশ্বাস আপনার সফর আমাদের সম্পর্ক জোরদারে আরো অবদান রাখবে এবং আরো উচ্চমাত্রায় নিয়ে যাবে।’ শেখ হাসিনা ক্যামেরন ও তাঁর পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করেন।

অনলাইন ডেস্ক