আন্দোলন না করে নির্বাচনে অংশ নিতে বললেন নাসিম
আগামী নির্বাচন নিয়ে আন্দোলন না করে বিএনপিকে এতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
আজ শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট ভবনে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস আলোচনা সভায় মন্ত্রী এ আহ্বান জানান।
আগামী জাতীয় নির্বাচনে জনগণ যে দলকে ভোট দিয়ে নির্বাচিত করবে, সেই ফলাফল আওয়ামী লীগ মেনে নেবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।
নাসিম বলেন, রাজনীতি, অর্থনীতি, কৃষিসহ সব খাতে দেশ এগিয়ে যাচ্ছে। সদ্য-সমাপ্ত আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে বিভিন্ন বিদেশি রাজনীতিবিদ অতিথি অংশ নিয়ে এ দেশের উন্নয়ন অগ্রগতিতে সন্তুষ্টি জানিয়েছেন দাবি করে বিএনপিকে উন্নয়নের ধারাবাহিকতায় প্রতিবন্ধকতা সৃষ্টি না করারও আহ্বান জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ‘নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। নির্বাচনে আসুন। জনগণ যেই রায় দেয়, মেনে নেব। তবে এ নিয়ে অস্থিরতা তৈরি করবেন না।’ তিনি বলেন, ‘আমেরিকাও এখন স্বীকার করে শেখ হাসিনা শক্তিশালী প্রধানমন্ত্রী।’
মন্ত্রী আরো বলেন, ‘শিক্ষিত তরুণরা জঙ্গি হচ্ছে, অস্ত্র হাতে মানুষ হত্যা করছে। তাদের এগুলো থেকে মুক্ত করতে মাদক, ধূমপান এগুলো বন্ধ করা উচিত। এটা আইন করে বন্ধ করা সম্ভব নয়। অভিভাবকদের সন্তানদের প্রতি খেয়াল নিতে হবে। সন্তানদের সময় দিতে হবে।’
বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির আয়োজনে ‘আগ্রাসন ও সহিংসতা মনস্তত্ত্ব’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। ক্লিনিক্যাল সাইকোলজিস্টদের উদ্দেশে তিনি বলেন, ‘বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজিস্ট অ্যাক্ট এখন খসড়া পর্যায়ে আছে। সেটা চূড়ান্ত হবে আশা করছি।’
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টসের সভাপতি এবং নিউরোডেভেলপমেন্টাল ডিজঅ্যাবিলিটি ও প্রোটেকশন ট্রাস্টের চেয়ারপারসন অধ্যাপক মো. গোলাম রাব্বানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের চেয়ারম্যান ড. মুহাম্মদ কামরুজ্জামান মজুমদার, বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতি ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ মাহমুদুর রহমান, বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. শামসুদ্দীন ইলিয়াস, বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির সাধারণ সম্পাদক মো. জহির উদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

নিজস্ব প্রতিবেদক