কামরাঙ্গীরচরে ছিনতাইকারীর হামলায় রিকশাচালক আহতের অভিযোগ
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল। ফাইল ছবি
রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় ছিনতাইকারীদের হামলায় শফিকুল ইসলাম (২৬) নামে এক রিকশাচালক আহত হওয়ার অভিযোগ উঠেছে।
গতকাল শুক্রবার (৮ মে) রাত সাড়ে ১১টার দিকে কামরাঙ্গীরচর থানার লোহার ব্রিজের ঢাল সংলগ্ন বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
রিকশাচালক শফিকুল ইসলামকে গুরুতর আহত অবস্থায় রাত একটার দিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
শফিকুল ইসলাম কামরাঙ্গীরচর ফাঁড়ির গলির ওমর আলীর ছেলে। তিনি পেশায় একজন রিকশাচালক।
আহতের ছেলে রায়হান গণমাধ্যমকে বলেন, শুক্রবার আনুমানিক রাত সাড়ে ১১টার দিকে কামরাঙ্গীরচর থানার লোহার ব্রিজের ঢাল সংলগ্ন বালুর মাঠে অজ্ঞাতনামা ৩ থেকে ৪ জন ছিনতাইকারী তাকে পায়ে ও হাতে আঘাত করে গুরুতর জখম করে। ছিনতাইকারীরা তার কাছে থেকে কিছুই নিতে পারেনি।

নিজস্ব প্রতিবেদক