চট্টগ্রামে অটোরিকশার ধাক্কায় নিহত ১
চট্টগ্রামের লোহাগাড়ায় সিএনজি অটোরিকশার ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী মো. মোজ্জাম্মেলের (৫০) মৃত্যু হয়েছে। গতকাল রোববার (২৫ জুন) রাত ১১টার দিকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ এরফান বিষয়টি নিশ্চিত করেন।
নিহত মোজাম্মেল সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সরকার পাড়ার মাওলানা আহমদ কবিরের ছেলে।
এর আগে, বিকেল সাড়ে ৫টার দিকে পশুর হাটে যাওয়ার সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আমিরাবাদ ইউনিয়নের তজু মুন্সির গ্যারেজ এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হন মোজ্জাম্মেল।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেলে উপজেলার পদুয়া তেওয়ারিহাটে কোরবানির পশুর বাজারে যাচ্ছিলেন মোজ্জাম্মেল। এ সময় পেছন থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন তিনি। পরে আরেকটি সিএনজিচালিত অটোরিকশা তাকে চাপা দেয়। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম নগরে পাঠিয়ে দেন। সেখানে রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওসি খান মোহাম্মদ এরফান বলেন, ‘দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত খোঁজ নিচ্ছি। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

শহীদুল ইসলাম বাবর, দক্ষিণ চট্টগ্রাম