এবার খিলগাঁওয়ে পিটিয়ে হত্যা, জড়িতদের খুঁজছে পুলিশ
রাজধানীর খিলগাঁও থানার তালতলার ঝিলপাড় এলাকায় নুরু ইসলাম (৫০) নামে এক ব্যক্তিকে দুর্বৃত্তরা পিটিয়ে হত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকাল পৌনে ৪টার দিকে আহত অবস্থায় নুর ইসলামকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা দুপুর সাড়ে ১২টার দিকে খবর পেয়ে তালতলার ঝিলপাড় এলাকায় যাই। সেখানে আহত অবস্থায় ওই ব্যক্তিকে দেখতে পাই। উদ্ধার করে ঢামেকে নিয়ে যাই। কর্তব্যরত চিকিৎসক জানান তিনি মারা গেছেন। কে বা কারা পিটিয়ে ঝিলপাড় এলাকায় ফেলে যায় তা জানা যায়নি।
এসআই বলেন, ধারণা করছি, অজ্ঞাত ব্যক্তিরা তাকে পিটিয়ে হত্যা করেছে। তিনি ঢাকার কেরাণীগঞ্জ থানার রায়ের চর এলাকার আব্দুল করিমের ছেলে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক