মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট ‘হ্যাক’
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সরকারি ওয়েবসাইটে এক ব্যতিক্রমী চিত্র দেখা গেছে। মন্ত্রণালয়ের উপদেষ্টার ছবির স্থানে হঠাৎ করে ফুটে ওঠে একটি শিশুর ছবি ও তথ্য, যা দেখে অনেকেই ধারণা করছেন ওয়েবসাইটটি ‘হ্যাক’ হয়েছে।
আজ সোমবার (২৬ মে) বিকেল ৩টার আগ থেকে এমন চিত্র দেখা যায়। তবে এ প্রতিবেদন লেখার পর দেখা যায় তা ঠিক করা হয়েছে।
মন্ত্রণালয়ের উপদেষ্টার ছবির স্থানে শিশুটির ছবিরে নিচে লেখা ছিল “মোঃ আলিফ। বয়স: ৪ বছর। ২৩ মে ২০২৫, গাজীপুর টঙ্গী থেকে নিখোঁজ”
বিস্তারিততে ক্লিক করলে আরও তথ্য ভেসে ওঠে। নাম: মোঃ আলিফ, বয়স: ৪ বছর। স্থান: এরশাদ নগর, ছোট বাজার, টঙ্গী, গাজীপুর। নিখোঁজের সময়: ২৩ মে ২০২৫, দুপুর ১২টা। শেষবার দেখা: এক বোরকা পরা মহিলা শিশুটিকে নিয়ে চলে যায় বলে প্রত্যক্ষদর্শীদের বর্ণনা। পরনে ছিল: মেরুন রঙের শার্ট। যোগাযোগ: যে কেউ শিশুটির খোঁজ পেলে ১৩২১৯ নম্বরে (টোল ফ্রি) ফোন করতে বলা হয়েছে। জিডি করা হয়েছে: টঙ্গী থানায়।
ছবির নিচে আরও তিনটি ছবিতে শিশু আলিফকে বিভিন্ন ভঙ্গিমায় দেখা যায়। পাশাপাশি একটি ছবিতে দেখা যায় এক ব্যক্তি শিশুটিকে কোলে নিয়ে আছেন। ক্যাপশনে লেখা “আলিফের পিতা মোঃ কাসেম, টঙ্গী এরশাদ নগর ছোট বাজারের সেলুন ব্যবসায়ী। ছবিতে আলিফ তার বাবার সাথে।”
সবচেয়ে বিস্ময়কর অংশটি ছিল তার নিচে লেখা একটি বার্তা “আজ ২৫ মে, আন্তর্জাতিক শিশু নিখোঁজ দিবসে, আমি আমার ছবি বদলে নিখোঁজ চার বছর বয়সী শিশু আলিফের ছবি দিয়েছি, যে গাজীপুরের টঙ্গী থেকে দুই দিন আগে হারিয়ে গেছে। — শারমীন এস মুরশিদ, উপদেষ্টা, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।”
এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাকিয়া খানম অসুস্থতার কারণে হাসপাতালে রয়েছেন জানিয়ে কথা বলতে অপারগতা জানান। অপরদিকে, সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার শারমিন সুলতানাকে ফোন করা হলে তিনি সাংবাদিক পরিচয় পাওয়ার পর “মিটিংয়ে আছি” বলে কলটি কেটে দেন।
ওয়েবসাইটের নোটিশ বোর্ডে গিয়ে দেখা যায় আজকের তারিখ দিয়ে সহকারী সচিব আফরোজা বেগম স্বক্ষরিত বেগম রোকেয়া পদক ২০২৫ মনোনয়ন প্রসঙ্গে একটি চিঠি ইস্যু করে রাখা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক