রোহিঙ্গাদের সঙ্গে স্থানীয়দের দ্বন্দ্ব নিরসনে সরকার তৎপর : শামসুদ দৌজা
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠী ও স্থানীয়দের মধ্যে দ্বন্দ্ব নিরসনে সরকার সবসময় তৎপর রয়েছে বলে জানিয়েছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের অতিরিক্ত কমিশনার শামসুদ দৌজা। তিনি বলেন, রোহিঙ্গা শরণার্থী শিবির নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানো বন্ধ করতে হবে এবং সঠিক তথ্য পরিবেশনে সবাইকে সচেতন থাকতে হবে।
আজ বুধবার (২৮ মে) সকালে কক্সবাজার শহরের একটি হোটেলের সম্মেলন কক্ষে জার্মান সংস্থা জিআইজেড ও এফআইভিডিবির উদ্যোগে ‘পিস মিডিয়েশন এবং প্রমোশন’ শীর্ষক জেলা পর্যায়ের স্টেকহোল্ডারদের কর্মশালায় শামসুদ দৌজা এসব কথা বলেন।
শামসুদ দৌজা বলেন, রোহিঙ্গা-স্থানীয়দের মধ্যে শান্তি বজায় রাখতে মিডিয়েশন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ক্ষেত্রে সরকার, বেসরকারি সংস্থা ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সমন্বিত প্রচেষ্টার প্রয়োজন।
কর্মশালায় জানানো হয়, রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব নিরসনে জার্মান সরকারের অর্থায়নে এবং এফআইভিডিবির সহযোগিতায় একটি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পের আওতায় ৩২০ জন প্রশিক্ষিত মধ্যস্থতাকারী (মিডিয়েটর) কাজ করছেন, যাদের মধ্যে ৫০% রোহিঙ্গা এবং ৫০% স্থানীয় বাসিন্দা। এদের মধ্যে ৫০% পুরুষ এবং ৫০% নারী।
এছাড়া, কর্মশালায় সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার সাজ্জাতুন নেছা লিপি, শরণার্থী ক্যাম্প ইনচার্জ শামীম আল ইমরান, সহকারী ক্যাম্প ইনচার্জ শফিকুল বারী, জিআইজেডের হেড অব প্রোগ্রাম আলেকজান্ডার বেটজ, মোবাশ্বেরুল ইসলাম সোহেলসহ অনেকে বক্তব্য রাখেন।

ইকরাম চৌধুরী টিপু, কক্সবাজার