কালিয়াকৈরে গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক-২ এর সামনে পেট্রোল বোমা নিক্ষেপ
জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণাকে কেন্দ্র করে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় নাশকতার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা কালিয়াকৈরের হরতকীতলা খাড়াজোড়া এলাকায় অবস্থিত নির্মাণাধীন গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক-২ ভবনের সামনের নামফলকে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে।
সোমবার (১৭ নভেম্বর) ভোর ৫টার সময় এ ঘটনা ঘটে। এছাড়াও সকাল ৬টার সময় কালিয়াকৈরের গোয়ালবাথান এলাকায় গ্রামীণ টেলিকম ট্রাস্ট -এর গেটের নামফলকেও পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা।
প্রাথমিকভাবে জানা যায়, মোটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তরা চলন্ত অবস্থায় পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়ের জানান, দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্ট-২ এর নামফলকে পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক-২ এর মূল ফটকে আইনশৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থানে রয়েছে।

বি এম সাঈদ, গাজীপুর (কালিয়াকৈর)