নারীর মরদেহের এক অংশ বস্তাবন্দি, আরেক অংশ সুটকেসে
গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে কালো রঙের সুটকেসের ভেতর থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহের কোমরের নিচের অংশ উদ্ধার করেছে পুলিশ। পরবর্তীতে একই এলাকার আশপাশে তল্লাশি চালিয়ে মরদেহটির অপর অংশও বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করা হয়।
আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুরের জয়দেবপুর থানাধীন ভবানীপুর ফকিরা গার্মেন্টস সংলগ্ন আবুল কাশেমের বহুতল ভবনের পাশের কালভার্টের নিচে একটি পরিত্যক্ত সুটকেস দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুটকেসটি খুলে ওই নারীর অর্ধগলিত মরদেহের নিচের অংশ উদ্ধার করে। পরে আশপাশে তল্লাশি চালিয়ে বস্তাবন্দি অবস্থায় মরদেহের ওপরের অংশটি উদ্ধার করা হয়।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, নিহত নারীর বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর হতে পারে। মরদেহটি অর্ধগলিত হওয়ায় তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা যায়নি। তবে সিআইডি ও পুলিশের টিম ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে।
ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা অন্য কোনো স্থানে ওই নারীকে হত্যা করে মরদেহ খণ্ডিত করে সুটকেস ও বস্তায় ভরে নির্জন স্থানে ফেলে রেখে গেছে। পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের পরিচয় শনাক্ত এবং এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারে পুলিশ অভিযানে নেমেছে।

নাসির আহমেদ, গাজীপুর