প্রতিটি উপজেলায় প্রবীণদের থাকা-চিকিৎসার ব্যবস্থা হবে : জিয়াউদ্দিন হায়দার
অসহায় প্রবীণদের জীবনের শেষ সময়টুকু যেন সুস্থভাবে ও আরামে কাটাতে পারেন, সে বিষয়ে নানামুখী কল্যাণকর কর্মসূচি হাতে নিয়েছে সরকার। আর্থিক সংগতি সম্পন্ন ব্যবসায়ীদের সঙ্গে পাবলিক পার্টনারশিপের মাধ্যমে অসহায় বয়স্ক নাগরিকদের থাকা, খাওয়া ও আধুনিক চিকিৎসার সুব্যবস্থা উপজেলা ভিত্তিক করার উদ্যোগ নিয়েছে সরকার।
গাজীপুরে বেসরকারিভাবে গড়ে ওঠা, খতিব জাহিদ মুকুল কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত বয়স্ক পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন শেষে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা ডক্টর এস এম জিয়াউদ্দিন হায়দার এসব কথা বলেছেন।
আজ রোববার (৩০ আগস্ট) সকালে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা ডক্টর এস এম জিয়াউদ্দিন হায়দার গাজীপুরের মনিপুর এলাকায় এই বয়স্ক পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে যান।
বয়স্ক পুনর্বাসন কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন এবং এখানে বর্তমানে থাকা বয়স্ক মহিলা ও বয়স্ক পুরুষদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন। এসময় পুনর্বাসন কেন্দ্রে বয়স্ক নারী ও পুরুষদের নামাজের জায়গা, কবরস্থান ও অন্যান্য সুযোগ-সুবিধা সরেজমিনে পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা বলেন, বর্তমান সরকার বিভিন্ন প্রকার মানবিক কর্মসূচি হাতে নিয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো এ দেশের অসহায় বয়স্ক নাগরিকদের কর্মদক্ষতা বৃদ্ধি করা। সরকারিভাবে প্রতি উপজেলায় বয়স্ক নাগরিকদের থাকা, খাওয়া ও সুচিকিৎসার জন্য ব্যবস্থা করা হবে। প্রয়োজনে দেশের আর্থিক সংগতি সম্পন্ন ব্যবসায়ীদের সঙ্গে পাবলিক পার্টনারশিপের মাধ্যমে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
এই বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে ৭২ জন বয়স্ক মহিলা ও ৬৮ জন বয়স্ক পুরুষ বর্তমানে অবস্থান করছেন। এই পুনর্বাসন কেন্দ্রের বৃদ্ধদের চলাচলের অনুপযোগী রাস্তাসমূহ জেলা প্রশাসনের মাধ্যমে সংস্কার করার ঘোষণা দিয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া।

নাসির আহমেদ, গাজীপুর