শ্রীপুরে অগ্নিদগ্ধ হয়ে যুবকের মৃত্যু
গাজীপুরের শ্রীপুরে বিরোধপূর্ণ জমির জরাজীর্ণ ঘরে অগ্নিদগ্ধ হয়ে দেলোয়ার হোসেন (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পেট্রল ছিটিয়ে আগুন দেওয়া হয়েছে বলে দাবি স্থানীয়দের।
রোববার (৪ অক্টোবর) দুপুরে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এর আগে শনিবার দিনগত রাতে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের সাঁটিয়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম।
নিহত মো. দেলোয়ার হোসেন জামালপুর জেলায় বকশিগঞ্জ উপজেলার কামালপুর গ্রামের মো. বদু মিয়ার ছেলে। তিনি শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের সাঁটিয়াবাড়ি গ্রামের খাসপাড়া এলাকায় মা-বাবার সঙ্গে থাকতেন।
নিহত দেলোয়ারের বাবা বদু মিয়া বলেন, যে ঘরে আগুনে পুড়ে ছেলের মৃত্যু হয়েছে সেখানে কীভাবে গেল বলতে পারব না। আমার ছেলের শরীর পুড়ে অঙ্গার হয়ে গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে দাবি আমার ছেলেকে কারা ওখানে নিয়েছে? কেন নিয়েছে তা তদন্ত করে বের করুক। আর যারা পুড়িয়ে মারছে তাদের যেন বিচার হয়।
বদু মিয়া আরও বলেন, প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ছেলের অবস্থা খারাপ হলে ঢাকায় নিয়ে ভর্তি করি। সেখানে ছেলের মৃত্যু হয়েছে।
জমির মালিক হুরমত আলী শেখ বলেন, জমি নিয়ে দীর্ঘ বছর ধরে চাচাতো ভাই ফাইজুদ্দিনদের সঙ্গে বিরোধ চলছে৷ একটি টিন শেডের ঘর নির্মাণ করে জমি পাহারা দেই। প্রতিদিন রাত ১০টার দিকে এসে এই ঘরে ঘুমাই। গতকাল শনিবার রাতে রাজেন্দ্রপুর বাজারে দুধ বিক্রি করছিলাম। হঠাৎ করে একজন ফোন করে জানায় তোমার ঘরে আগুন লাগছে। দৌড়ে ঘরের পাশে গিয়ে দেখি ধাউ ধাউ করে আগুন জ্বলছে। ঘরের ভেতর একজনের ডাক চিৎকার শুনে শতশত মানুষ জড়ো হয়ে তাকে উদ্ধার করে। এ সময় সে মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হুরমত আলী শেখ আরও বলেন, এই ছেলেকে আমি চিনি না। সে কেন এখানে আসছে। কীভাবে আগুন লাগছে, আমরা কিছু বলতে পারব না। ঘরে পেট্রল কেরোসিনের গন্ধ ছিল। ধারণা করা হচ্ছে পেট্রল, কেরোসিন ছিটিয়ে আগুন দেওয়া হয়েছে।
শ্রীপুর থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশের নির্দেশনায় মরদেহের ময়নাতদন্ত চলমান। কীভাবে আগুন দেওয়া হয়েছে। পেট্রল ছিটিয়ে আগুন দেওয়া হয়েছে কি না—এ বিষয়ে তদন্ত চলমান। হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে পুলিশ গুরুত্ব দিয়ে কাজ করছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ চলমান রয়েছে।

আব্দুর রউফ, গাজীপুর (শ্রীপুর)