টানা ছয় দিন ১৪ ডিগ্রির ঘরে তাপমাত্রার পারদ
উত্তরের জেলা পঞ্চগড়ে টানা ছয় দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে অবস্থান করছে। ভোর থেকে সকাল পর্যন্ত কনকনে শীত জেঁকে বসলেও, সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই কমে যাচ্ছে সেই শীতের দাপট।
আজ বুধবার (১৯ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে চৌদ্দ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস, যেখানে বাতাসের আদ্রতা ছিল ৯৮ শতাংশ।
টানা ছয় দিন ধরে এই তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে। তেঁতুলিয়া আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় গত কয়েক দিনের রেকর্ড নিশ্চিত করে জানান, মঙ্গলবার ছিল ১৪ দশমিক ছয় ডিগ্রি, সোমবার ছিল ১৪ দশমিক পাঁচ ডিগ্রি, রোববার ১৪ দশমিক সাত ডিগ্রি, শনিবার ১৪ দশমিক দুই ডিগ্রি ও শুক্রবার ছিল চৌদ্দ ডিগ্রি সে. (১৪ ডিগ্রি সে.)
আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় বলেন, ‘রাত গভীর হলে শীত অনেকটাই বেড়ে যায়। তবে সকাল গড়ালে সূর্যের তাপে তাপমাত্রা দ্রুত বাড়ে। চলতি মাসের শেষের দিকে জেলায় হালকা শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।’
আরও পড়ুন: বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
দিনের শুরুতে তীব্র শীত আর দুপুরে উষ্ণতা—এই বৈপরীত্যে দৈনন্দিন কাজে বের হওয়া মানুষেরা ভোগান্তির শিকার হচ্ছেন।
রিকশাচালক রহমান আলী বলেন, রাতে খুব ঠান্ডা পড়ে। কিন্তু সূর্য উঠলেই আবার গরম লাগে, শরীরে ঘাম চলে আসে।
আরও পড়ুন: আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া
শ্রমিক সাবিনা বেগম বলেন, ভোরে শাল না জড়ালে বের হওয়া যায় না। অথচ দুপুরের দিকে আবার গরমে কাহিল হয়ে যাই।
এক দোকান কর্মচারী জানান, রাতে দুই–তিনটা কাপড় পরেও শীত লাগে। কিন্তু দুপুরে সেই কাপড় খুলতে হয় গরমে টিকতে না পেরে।

ফাহিম হাসান, পঞ্চগড় (সদর-আটোয়ারী-বোদা)