রাজধানীর বংশালে ভূমিকম্পে নিহত ৩
পুরান ঢাকায় ভূমিকম্পে একটি আটতলা ভবনের ছাদের রেলিং ধসে তিনজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ এ ভূমিকম্প হয়।
বংশাল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আশিস কুমার ঘোষ এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, একটি ভবনের ছাদের রেলিং ধসে নিচে পড়ে। এতে তিন পথচারী গুরুতর আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
আরও পড়ুন : রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তীব্র ভূমিকম্প
স্থানীয়রা জানান, নিহতরা সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিল। ঘটনার পরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উপস্থিত হয়েছেন।
এদিকে মিটফোর্ড হাসপাতাল থেকে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) জাকারিয়া হোসেন নয়ন ফায়ার সার্ভিসকে বলেন, মিটফোর্ড হাসপাতালে তিনজন মারা গেছেন। ১০ জন আহত হয়ে চিকিৎসাধীন আছেন।
এএসআই জাকারিয়া হোসেন নয়নের বরাতে ফায়ার সার্ভিস আরও জানায়, পুরান ঢাকার আরমানিটোলার কসাইটুলি এলাকার একটি আটতলা ভবনের পাশের দেয়াল এবং কার্নিশ থেকে ইট ও পালেস্তারা খসে নিচে পড়ে, যেখানে একটি গরুর মাংস বিক্রির দোকান ছিল। সেখানে থাকা ক্রেতা ও পথচারীরা আহত হন। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন তাদের হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তিনজনকে মৃত ঘোষণা করেন।
আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বলেন, আজ সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। আমরা সবাইকে অনুরোধ করছি, আতঙ্কিত না হয়ে নিরাপদ স্থানে অবস্থান করুন।
আরও পড়ুন : ভূমিকম্পের আতঙ্কে রাস্তায় মানুষ, চারিদিকে আজানের ধ্বনি
ফারজানা আরও বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী—এই ধরনের ভূমিকম্পের পর ছোটখাটো আফটার শকের সম্ভাবনা থাকতেই পারে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এখন পর্যন্ত তেমন সম্ভাবনা আমরা দেখতে পাইনি।

নিজস্ব প্রতিবেদক