সরকারি রাস্তা দখল করে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের নাচোল সদর ইউনিয়নের রাজবাড়ী কলেজের পাশে দীর্ঘদিনের চলাচলের সরকারি রাস্তা দখল করে সীমানা প্রাচীর নির্মাণ করার অভিযোগ উঠেছে জালাল উদ্দিন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এলাকাবাসী প্রাচীর নির্মাণে ও রাস্তার জায়গায় খড়ের পালা দিতে বাধা দেওয়ায় তাদেরও হুমকি-ধমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। রাস্তা দখলমুক্ত করতে গতকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী।
অভিযোগে জানা গেছে, নাচোল রাজবাড়ী কলেজের উত্তর পাশ দিয়ে নিয়ামতপুর থানার শেষ সীমানা পর্যন্ত সরকারি রাস্তা রয়েছে। যে রাস্তাটি রাজবাড়ী বাজারে চলাচল করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু সরকারি সেই রাস্তাটি রাজবাড়ি মোহাম্মদপুর গ্রামের জালাল উদ্দিনসহ তার ছেলে জেম আলী, মেয়ে বিউটি বেগম ও ঘরজামাই টিটো বেআইনিভাবে সরকারি রাস্তায় সীমানা প্রাচীর নির্মাণ করে এবং রাস্তায় খড়ের পালা দিয়ে রাস্তা দখল করতে পাঁয়তারা করছে।
এ বিষয়ে গ্রামবাসীর পক্ষে অভিযোগকারী মো. আবুল হোসেন বলেন, সরকারি রাস্তা দখলমুক্ত করতে এসিল্যান্ডের কাছে অভিযোগ দিয়েছি। আমরা সরকারি রাস্তা জালাল উদ্দিনের পরিবারের হাত থেকে রক্ষা করতে প্রশাসনের কাছে জোর দাবি করছি।
তবে জালাল উদ্দিনের দাবি, তিনি দীর্ঘদিন ধরেই রাস্তার পাশে বাড়িঘর নির্মাণ করে বসবাস করছেন এবং তিনি সরকারি কোনো রাস্তা দখল করেননি।
নাচোল সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, জালাল উদ্দিন ও তার পরিবার সরকারি রাস্তাটি দখল করে জনগণের চলাচলে বাধা সৃষ্টি করছেন। তিনি জনপ্রতিনিধির কথাও মানেন না, আইনও মানেন না।
নাচোল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. সুলতানা রাজিয়া বলেন, বিষয়টি শুনেছি, সরেজমিনে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জোহরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ (নাচোল)