পরাজয় নিশ্চিত জেনে ভোট চুরির অভিযোগ তুলল নেতানিয়াহুর দল
ইসরায়েলের সাধারণ নির্বাচনে আরব ভোটারদের অংশগ্রহণে নিজেদের পরাজয় নিশ্চিত বুঝে ভোট চুরির অভিযোগ তুলেছিল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ পার্টি। তবে অভিযোগের পক্ষে সুনির্দিষ্ট কোনো প্রমাণ পায়নি দেশটির পুলিশ ও কেন্দ্রীয় নির্বাচন কমিশন।
আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনে ইসরায়েলের দৈনিক ‘ইসরায়েল হায়োমের’ বরাতে বলা হয়, আরব-ইসরায়েলি জনগোষ্ঠীর ভোটারদের ভোটকেন্দ্রে ব্যাপক অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলেছিল লিকুদ পার্টি। তবে পুলিশ প্রশাসন এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানিয়েছে, ওই অভিযোগগুলোর সমর্থনে কোনো ধরনের বাস্তবসম্মত বা আইনগত প্রমাণ পাওয়া যায়নি। নির্বাচন কমিশন স্পষ্টভাবে জানিয়েছে, নির্বাচনি প্রক্রিয়ার স্বচ্ছতা বা সততা নিয়ে প্রশ্ন তোলার মতো কোনো ভিত্তি তাদের হাতে নেই।
এর আগে নেতানিয়াহুর দল লিকুদ দাবি করেছিল, আরব রাজনৈতিক দলগুলো সুসংগঠিত ঘুষ লেনদেন, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন, সহিংসতা, জালিয়াতি এবং নিষিদ্ধ সফটওয়্যার ব্যবহার করে নির্বাচন ‘চুরি’ করেছে। দলটির পক্ষ থেকে শত শত প্রমাণ ও সাক্ষ্যপ্রমাণ পুলিশ, শিন বেত (অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা) এবং নির্বাচন কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছিল। তবে আইন প্রয়োগকারী সংস্থাগুলো জানিয়েছে, প্রাথমিক তদন্তে এই অভিযোগগুলোর কোনো সত্যতা মেলেনি।
উল্লেখ্য, এবারের নির্বাচনে আরব দলগুলোর ঐতিহাসিক উত্থান ঘটে এবং তারা যৌথভাবে ১৯টি আসন নিশ্চিত করে। এর ফলে নেতানিয়াহুর ডানপন্থি জোট (৫৩ আসন) কিংবা বিরোধী দলনেতা গাদি আইজেনকোটের জোট (৪৮ আসন)— কারো পক্ষেই এককভাবে ৬১ আসন অর্জনের মাধ্যমে সরকার গঠনের পথ সুগম হয়নি। এই রাজনৈতিক অচলাবস্থার মধ্যেই লিকুদ পার্টির পক্ষ থেকে এই জালিয়াতির অভিযোগ তোলা হয়েছিল।

এনটিভি অনলাইন ডেস্ক