সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলীর স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ
সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। ফাইল ছবি
সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীর স্ত্রী শামীমা জাফরিনের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভ্যাকেশান জজ মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এই আদেশ দেন।
দুদকের আইনজীবী দেলোয়ার জাহান রুমি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শামীমা জাফরিনের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলা তদন্তাধীন। এই কারণে মামলার প্রয়োজনীয়তা বিবেচনায় আদালত তার আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন।
দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে, ২০১২-১৩ করবর্ষ থেকে ২০২৩-২৪ করবর্ষ পর্যন্ত শামীমা জাফরিনের আয়কর জমা–সংক্রান্ত নথি, রিটার্নসহ অন্যান্য রেকর্ডপত্র জব্দ করা জরুরি। মামলার সুষ্ঠু তদন্তে এসব তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আদালত প্রতিবেদক