কেরানীগঞ্জে ১২ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট
ঢাকার কেরানীগঞ্জের জমেলা টাওয়ারের একটি ১২ তলা ভবনের নিচতলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মোট ১২টি ইউনিট কাজ করেছে।
শনিবার (১৩ ডিসেম্বর) ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, ভোর ৫টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পাই। খবর পাওয়ার পর ৫টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর কেরানীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে একে একে মোট ১২টি ইউনিট আগুন নেভাতে অংশ নেয়।
আনোয়ারুল ইসলাম আরও জানান, ভবনের নিচতলায় আগুন লাগার কারণে ধোঁয়া দ্রুত ওপরের দিকে ছড়িয়ে পড়লে ভবনে অবস্থানকারী মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।
ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস সদস্যরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

নিজস্ব প্রতিবেদক