মাদক মামলার সাক্ষীর শরীরে পেট্রল ঢেলে আগুন
নওগাঁর বদলগাছীতে মো. পাখি (৩৮) নামে এক মাদক মামলার সাক্ষীর শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে মামলার আসামি আসাদুজ্জামান টুটুলের বিরুদ্ধে। এ ঘটনায় হাজেরা বেগম (৬০) নামে এক নারী পথচারী আহত হয়েছেন। পরে স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত টুটুলকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
গতকাল শনিবার (২২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের পুকুরিয়া গ্রামের হাবিবের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
দগ্ধ পাখিকে উদ্ধার করে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। আহত পথচারী হাজেরা বেগম নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন।
দগ্ধ মো. পাখি উপজেলার কয়া ভবানীপুর গ্রামের আঙ্গুর হোসেনের ছেলে। আহত পথচারী হাজেরা বেগম (৬০) পুকুরিয়া গ্রামের মৃত লছির উদ্দিনের স্ত্রী। আটক অভিযুক্ত আসাদুজ্জামান টুটুল একই এলাকার মৃত আক্তার মণ্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে পাখি বদলগাছী থেকে কোলা বাজারের দিকে যাচ্ছিলেন। হাবিবের বাড়ির সামনে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা টুটুল একটি বোতলে থাকা পেট্রলে আগুন ধরিয়ে পাখির দিকে ছুড়ে মারেন। এতে মুহূর্তের মধ্যে পাখির হাত, পা ও মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করেন। পাশাপাশি আসাদুজ্জামান টুটুলকে ধাওয়া করে আটক করে থানায় খবর দেন।
পুলিশ জানায়, গত ২৫ জুলাই গাঁজা ও হেরোইনসহ টুটুলকে আটক করে পুলিশ। ওই সময় পুলিশ বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বদলগাছী থানায় মামলা করে। আটকের সময় স্থানীয় মো. পাখিসহ কয়েকজন উপস্থিত সাক্ষী ছিলেন। কারাবাসের প্রায় ১০ দিন পর জামিনে মুক্ত হয়েই সাক্ষী ও স্থানীয়দের ওপর ক্ষুব্ধ হয়ে সুযোগ খুঁজছিলেন আসাদুজ্জামান টুটুল। তারই ধারাবাহিকতায় এ হামলা চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বলেন, আসাদুজ্জামান টুটুল বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন এবং তিনি চিহ্নিত একজন মাদক কারবারি। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার পেছনে আরও কোনো কারণ বা সহযোগী রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

আসাদুর রহমান জয়, নওগাঁ