আসামি ধরতে গিয়ে হামলার শিকার ৪ পুলিশ
জামালপুরের মেলান্দহে মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি ধরতে গিয়ে আসামির স্বজনদের হামলায় চারজন পুলিশ সদস্য আহত হয়েছেন। গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার শ্যামপুর ইউনিয়নের ২ নম্বর চর এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় মেলান্দহ থানা পুলিশের একটি দল মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি এনামুল হককে (৩০) গ্রেপ্তার করতে তার বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশ এনামুলকে গ্রেপ্তার করলে তার পরিবারের সদস্যরা বাধা দেয় এবং তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে আসামির স্বজনরা পুলিশ সদস্যদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে এবং তাদের মারধর করে। এতে চার পুলিশ সদস্য আহত হন।
পরবর্তীতে পুলিশ সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আসামি এনামুল হক ও তার স্ত্রী সবুজা বেগমকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যান।
আহত পুলিশ সদস্যরা হলেন- এসআই হিমন (৩৪), এএসআই আওয়াল (৩৭), কনস্টেবল আবু রায়হান (৪০) ও আবু তাহের (২৯)। তাদের মধ্যে এসআই হিমনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিরা মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, আসামি ধরতে গিয়ে চার পুলিশ সদস্য আহত হয়েছেন। মূল আসামি ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আসমাউল আসিফ, জামালপুর