ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে যাত্রীর মৃত্যু
জামালপুরে দেওয়ানগঞ্জ থেকে ঢাকা অভিমুখী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে আব্দুল মালেক (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে জামালপুর রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ জানায়, সকাল পৌনে ৮টার দিকে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি জামালপুর স্টেশনে পৌঁছায়। নির্ধারিত বিরতি শেষে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছাড়তে শুরু করলে যাত্রী আব্দুল মালেক দৌড়ে ট্রেনে ওঠার চেষ্টা করেন। এ সময় পা পিছলে তিনি ট্রেনের নিচে পড়ে যান। এতে চাকার নিচে কাটা পড়ে তার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, নিহত ব্যক্তির নাম জানা গেছে এবং তার বিস্তারিত পরিচয় শনাক্তের কাজ চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আসমাউল আসিফ, জামালপুর