ওসমান হাদির ‘ইনকিলাব কালচারাল সেন্টার’ বন্ধ ঘোষণা
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি পরিচালিত ‘ইনকিলাব কালচারাল সেন্টার’ বন্ধ ঘোষণা করা হয়েছে।
আজ শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় ইনকিলাব কালচারাল সেন্টারের ভ্যারিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।
সেই পোস্টে বলা হয়, পরবর্তী ঘোষণা আসা পর্যন্ত ইনকিলাব কালচারাল সেন্টারের সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে, এবং এই সময়ে ইনকিলাব কালচারাল সেন্টার বন্ধ থাকবে।
রাতে অপর আরেকটি পোস্টে বলা হয়, এই মুহূর্তে আমরা একটি সংকটজনক সময় পার করছি। আমাদের ভলান্টিয়ার ও সেন্টার ম্যানেজমেন্টের সদস্যরা হসপিটাল এবং আইন-শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সহযোগিতায় ব্যস্ত সময় পার করছে। এমতাবস্থায় ইনকিলাব কালচারাল সেন্টারের স্বাভাবিক কার্যক্রম ব্যহত হতে পারে এই আশঙ্কায় আগামী এক সপ্তাহের জন্য সেন্টারের সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে।
আমরা আপনাদের কাছে দোয়া চাই। ইনশাআল্লাহ, খুব শীগ্রই আমরা এই সংকটাপন্ন মুহূর্ত কাটিয়ে উঠতে পারবো এবং ইনকিলাব কালচারাল সেন্টারের কার্যক্রম যথানিয়মে পরিচালিত হবে।

এনটিভি অনলাইন ডেস্ক