চাঁদপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
চাঁদপুর-৩ (সদর–হাইমচর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন শেখ ফরিদ আহমেদ। আজ মঙ্গলবার (১৬ ডিম্বের) বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়নপত্র সংগ্রহকালে জেলা প্রশাসকের কার্যালয়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিমসহ বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। পাশাপাশি প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারাও এ সময় সেখানে উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে শেখ ফরিদ আহমেদ উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন। তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে। চাঁদপুর-৩ আসনের জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে তিনি এলাকার সার্বিক উন্নয়ন এবং জনগণের অধিকার রক্ষায় কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
দলীয় নেতাকর্মীরা জানান, শেখ ফরিদ আহমেদ দীর্ঘদিন ধরে দলের দুঃসময়ে মাঠে সক্রিয় থেকে নেতৃত্ব দিয়েছেন। তাঁর মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রমে নতুন গতি সঞ্চার হয়েছে।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সারা দেশে প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল কার্যক্রম চলছে।

শরীফুল ইসলাম, চাঁদপুর