চাঁদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান, আটক ৩৫৮
চাঁদপুরে কিশোর গ্যাং বিরোধী অভিযানে ৩৫৮ জনকে আটক করেছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে পরিচালিত অভিযানে কিশোর গ্যাং, মাদক, অনলাইন জুয়া ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে কিশোর-তরুণদের দূরে রাখতে চাঁদপুরে বিশেষ অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা বাহিনী।
চাঁদপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) তথ্য অনুযায়ী, চাঁদপুর সদরে ৩৫জন, মতলব উত্তরে ৫৩ জন, মতলব দক্ষিণে ৩৭ জন, ফরিদগঞ্জে ৪১ জন, শাহরাস্তিতে ৪৫ জন, কচুয়াতে ৬২ জন, হাজীগঞ্জে ৩৭ জন ও হাইমচর ৪৮ জনকে আটকসহ মোট ৩৫৮ জনকে আটক করা হয়।
পুলিশের দেওয়া তথ্যমতে, আটককৃতদের মধ্যে বেশ কয়েকজনের কাছ থেকে মাদকদ্রব্য পাওয়া গেছে। এছাড়া মোবাইল ফোনে অনলাইন গেমের মাধ্যমে জুয়া খেলা অবস্থায় কিশোরদের পাওয়া যায়।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে যাদের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অন্যদের ক্ষেত্রে অভিভাবকদের উপস্থিতিতে প্রয়োজনীয় কাউন্সেলিং ও মুচলেকা গ্রহণের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদ জানান, আমাদের পূর্বের অভিযানের ধারাবাহিকতা রেখে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩৫ জন কিশোরকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরবর্তীতে অভিভাবকদের থানায় খবর দিয়ে লিখিত মুছ লেখা রেখে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ জানান, কিশোর অপরাধ প্রতিরোধ ও সন্ধ্যার পর অপ্রয়োজনে বাইরে অবস্থান নেওয়া কিশোরদের সচেতন করার লক্ষ্যে চাঁদপুরের ফরিদগঞ্জে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে উপজেলার বিভিন্ন স্থান থেকে ৪১ জন কিশোরকে আটক করা হয়। পরবর্তীতে আটক কিশোরদের অভিভাবকদের থানায় ডেকে এনে লিখিত মুচলেকা রেখে আটক কিশোরদের অভিভাবকদের জিম্মায় মুক্তি দেওয়া হয়।
সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব জানান, মাদকের স্পট, অন্ধকার ও নির্জন স্থানে সন্দেহজনক আড্ডা, ইভ টিজিং, অনলাইন জুয়া কিংবা কিশোর গ্যাংয়ের কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ার জন্য সতর্ক করা হচ্ছে। কোনো শিক্ষার্থী বা তরুণকে অযথা হয়রানি করা তাদের উদ্দেশ্য নয়। বরং কিশোর-তরুণদের অপরাধ থেকে দূরে রেখে মতলব এলাকায় একটি সুস্থ, নিরাপদ ও অপরাধমুক্ত পরিবেশ নিশ্চিত করাই এ ধরনের অভিযানের মূল লক্ষ্য। কিশোর গ্যাং, মাদক, ইভটিজিং ও অনলাইন জুয়ার বিরুদ্ধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান জানান, চাঁদপুরে সবগুলো থানায় একযোগে অভিযান চালিয়ে কিশোরদের আটক করা হয়। এর মধ্যে দুইটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এছাড়া যাদের কাছে মাদক পাওয়া গেছে, তাদের বিরুদ্ধে মামলা হবে। বাকি কিশোরদের পরিবারের জিম্মায় দেওয়া হচ্ছে। কিশোর গ্যাং, মাদক, ইভটিজিং ও অনলাইন জুয়ার বিরুদ্ধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

শরীফুল ইসলাম, চাঁদপুর