চাঁদপুরে জাল টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ১৬টি এক হাজার টাকার জাল নোটসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে স্থানীয় জনতা তাদের জাল নোটসহ হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে জাল নোটের উৎস ও এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে গ্রেপ্তারকৃতদের নিয়ে অভিযান চালায় পুলিশ। সোমবার (৫ অক্টোবর) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানায় পুলিশ।
গ্রেপ্তার আসামিরা হলেন, উপজেলার এখলাছপুর ইউনিয়নের উত্তর বোরচর গ্রামের মৃত মঞ্জিল দেওয়ানের ছেলে নিজাম উদ্দিন (৩৯) ও তার স্ত্রী রোজিনা বেগম (৩২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মতলব উত্তর উপজেলার বোরচর এলাকার চর উমেদ বাজারে জালনোটসহ ওই স্বামী-স্ত্রীকে হাতেনাতে আটক করেন স্থানীয়রা। পরে তাদের এখলাছপুর লঞ্চঘাট এলাকায় নিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়। পুলিশ তাদের হেফাজতে নিয়ে জালনোটের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে অভিযান শুরু করে।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া জানান, জালনোটসহ গ্রেপ্তারকৃত স্বামী-স্ত্রীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে। জালনোটের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শরীফুল ইসলাম, চাঁদপুর