দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট-দোকান খোলা রাখার সময় বাড়ল
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২২ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত এসব প্রতিষ্ঠান খোলা রাখা যাবে।
আজ সোমবার (৫ অক্টোবর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ থেকে এ সংক্রান্ত চিঠি জারি করা হয়েছে। সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে চিঠিটি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২২ অক্টোবর ২০২৬ পর্যন্ত বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকান বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।
২৩ অক্টোবর থেকে এসব প্রতিষ্ঠান আগের সময়সূচি অনুযায়ী খোলা থাকবে। অর্থাৎ ওইদিন থেকে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত শপিংমল, মার্কেট ও দোকান খোলা রাখা যাবে। এতে দুর্গাপূজা উপলক্ষে দোকান, মার্কেট ও শপিং মল দুই ঘণ্টা বেশি খোলা রাখা যাবে।

এনটিভি অনলাইন ডেস্ক