রাস্তার পাশ থেকে উদ্ধার নবজাতক দত্তক নিল মুসলিম পরিবার
জামালপুরের ইসলামপুর উপজেলায় রাস্তার পাশে কম্বলে মোড়ানো অবস্থায় পাওয়া নবজাতক কন্যাশিশুটি দত্তক নিয়েছিল এক মুসলিম পরিবার। আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুসাইন।
গতকাল রাতে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের ১১ সদস্যের উপস্থিতিতে আইনানুগ প্রক্রিয়ায় শিশুটিকে ওই মুসলিম পরিবারের কাছে হস্তান্তর করা হয়। শিশুটির ভবিষ্যৎ নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষার স্বার্থে দত্তক নেওয়া পরিবারের পরিচয় প্রকাশ করা হয়নি।
গতত গত ৮ ডিসেম্বর সকালে ইসলামপুর পৌর এলাকার মোশারফগঞ্জ এলাকায় রাস্তার পাশে কম্বলে মোড়ানো অবস্থায় একদিন বয়সী এই নবজাতকটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা। বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানানো হলে উপজেলা প্রশাসনের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় চিকিৎসা শেষে নবজাতককে সাময়িকভাবে একটি পরিবারের তত্ত্বাবধানে রাখা হয়।
শিশুটির কোনো পরিচয় বা বৈধ অভিভাবক পাওয়া না যাওয়ায় তার ভবিষ্যৎ নিরাপদ করতে উপজেলা প্রশাসন উদ্যোগ নেয়। এ লক্ষ্যে ইউএনও নাজমুল হুসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে দত্তক নিতে আগ্রহীদের আবেদন আহ্বান করা হয়। এতে কয়েক দিনে শিশুটিকে দত্তক পেতে অর্ধশতাধিক দম্পতি আবেদন করে।
এ বিষয়ে জানতে চাইলে ইউএনও নাজমুল হুসাইন বলেন, আবেদনকারীদের তথ্য যাচাই-বাছাই ও পুলিশি তদন্ত সম্পন্ন করে সামাজিক, পারিবারিক ও আর্থিক সক্ষমতা বিবেচনায় একটি উপযুক্ত মুসলিম পরিবারকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়। পরে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের উপস্থিতিতে সব আইনগত আনুষ্ঠানিকতা সম্পন্ন করে নবজাতকটিকে সুস্থ অবস্থায় ওই পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
ইউএনও আরও বলেন, শিশুটির সর্বোত্তম স্বার্থ নিশ্চিত করাই ছিল আমাদের প্রধান লক্ষ্য। আইন অনুযায়ী সব প্রক্রিয়া অনুসরণ করেই দত্তক কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। নবজাতক ও দত্তক নেওয়া পরিবারের নিরাপত্তার কারণে পরিবারের পরিচয় গোপন রাখা হয়েছে।

নাহিদ হাসান, জামালপুর (সদর-মেলান্দহ)