ময়মনসিংহ পলিটেকনিকে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত
কারিগরি শিক্ষার্থীদের মেধা, দক্ষতা ও উদ্ভাবনী শক্তি বিকাশের লক্ষ্যে ‘স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক প্রতিযোগিতা” অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৭ ডিসেম্বর) সকালে পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে কারিগরি শিক্ষা অধিদপ্তর এই প্রতিযোগিতার আয়োজন করে।
ময়মনসিংহ অঞ্চলের ১৪টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ১২৬ জন নির্বাচিত শিক্ষার্থী ৪২টি উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করেন। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে এসে সেমিনারে যোগ দেয়।
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব সামসুর রহমান খান প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক সাইফুর রহমানের সভাপতিত্বে সেমিনারে কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক ফরিদা ইয়াসমিন, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান রুহুল আমিন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক সেঁজুতি ধর বক্তব্য দেন।
এতে বিভিন্ন কারিগরি, মাদ্রাসা ও সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী, শিল্পকারখানা, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আইয়ুব আলী, ময়মনসিংহ