বৃষ্টির পূর্বাভাস নিয়ে লঘুচাপের বিস্তার : কমতে পারে যেদিন থেকে
সারাদেশে আগামী ৫ দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (৩ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী পাঁচ দিনের পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়া অফিস জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হতে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা দেওয়া হয়েছে। এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
সোমবার (৪ মে) : রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেটের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
মঙ্গলবার (৫ মে) : আট বিভাগেরই কিছু কিছু জায়গায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
বুধবার (৬ মে) : ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বৃহস্পতিবার (৭ মে) : রংপুর ও রাজশাহী বিভাগের কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেটের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য স্থানে আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন থেকে তাপমাত্রা ফের সামান্য বাড়তে পারে।
আগামীকাল সোমবার ঢাকায় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যা অস্থায়ীভাবে ৩০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। কাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫টা ২২ মিনিটে ও সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২৮ মিনিটে।
বর্ধিত ৫ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমে আসতে পারে এবং তাপমাত্রা আরও বাড়তে পারে।

এনটিভি অনলাইন ডেস্ক