ডিএনডি লেকে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বার্মাস্ট্যান্ড এলাকায় ডিএনডি লেকে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত মনিরুল (১৫) ও শুভ (১৫) গোদনাইল বাগপাড়া আলিম মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
আজ মঙ্গলবার (১২ মে) সকাল ৬টার দিকে ডিএনডি লেকের বার্মাস্ট্যান্ড নয়াপাড়া এলাকার ১ নম্বর ব্রিজ সংলগ্ন স্থান থেকে তাদের মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।
নিহত মনিরুল মাগুরা জেলার মোহাম্মদপুর থানার পাল্লা গ্রামের জাকির হোসেনের ছেলে। বর্তমানে সে পরিবারের সাথে চৌধুরী বাড়ি ভূঁইয়াপাড়া এলাকায় থাকতো। অন্যদিকে নিহত শুভ পটুয়াখালী জেলার মরিচ বুনিয়া এলাকার মিজান শিকদারের ছেলে এবং পরিবারের সাথে মুনলাইট এলাকায় বসবাস করতো।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (১১ মে) দুপুরে মাদরাসার পরীক্ষা শেষে বন্ধুদের সাথে ফুটবল খেলে পাঁচ বন্ধু মিলে ডিএনডি লেকের ১ নম্বর ব্রিজ এলাকায় গোসল করতে নামে। গোসল শেষে তিন বন্ধু বাড়ি ফিরে এলেও মনিরুল ও শুভ নিখোঁজ থাকে। রাতে পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পায়নি। আজ মঙ্গলবার সকালে স্থানীয়রা লেকের পানিতে দুটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দিলে তাদের উদ্ধার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুম বিল্লাহ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিল্লাল হোসেন রবিন, নারায়ণগঞ্জ