জবি শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় আফজাল নাছের কারাগারে
রাজধানীর কোতোয়ালি থানাধীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টার মামলায় সেনাবাহিনী থেকে বরখাস্ত হওয়া লেফটেন্যান্ট কর্নেল মো. আফজাল নাছেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার (১৪ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন এই আদেশ দেন। এদিন ঢাকার সিএমএম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে আটক রাখার আবেদন করেন। এর আগে গত ৩০ মার্চ রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
নথি থেকে জানা গেছে, ২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মিছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অতিক্রম করে মহানগর দায়রা জজ আদালতের সামনে পৌঁছালে হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ছোড়া গুলিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনিক কুমার দাস আহত হন। আহতাবস্থায় তাকে প্রথমে ন্যাশনাল মেডিকেলে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় গত বছরের ২১ নভেম্বর অনিক কুমার দাস বাদী হয়ে ২৫৩ জনকে আসামি করে কোতোয়ালি থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

আদালত প্রতিবেদক