এলডিপি ছেড়ে বিএনপিতে রেদোয়ান আহমদ, মনোনয়ন পেলেন যে আসনে
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদ দীর্ঘ সময় পর পুনরায় বিএনপিতে ফিরেছেন। আজ বুধবার (২৪ ডিসেম্বর) গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে বিএনপিতে যোগ দেন।
এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দেন, আসন্ন জাতীয় নির্বাচনে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে রেদোয়ান আহমেদ বিএনপির প্রার্থী হিসেবে ‘ধানের শীষ’ প্রতীকের মনোনয়ন সংগ্রহ করবেন।
রেদোয়ান আহমেদ বলেন, আমরা যুগপৎ আন্দোলনে ছিলাম। বিএনপি তার শরিকদের আসন বণ্টনে ছাড় দেবে- এর সাথে আমি একমত, কিন্তু আমার দলের চেয়ারম্যান অলি আহমেদ বিএনপির এই সিদ্ধান্তের সাথে একমত নন। এলডিপির সিংহভাগ স্থায়ী কমিটির সদস্য ও সারাদেশে এলডিপির নেতাকর্মীরা আমার সঙ্গে একমত পোষণ করেছেন।
তিনি বলেন, আমি আশা করি অলি আহমেদের শুভ বুদ্ধির উদয় হবে এবং বিএনপির সঙ্গে নির্বাচ সমঝোতায় একমত হবেন। তবে অলি সাহেব নির্বাচনে আসুক আর না আসুক আমি বিএনপির সমঝোতায় একমত হয়ে নির্বাচন করব। আমি প্রতিষ্ঠালগ্ন থেকে বিএনপিতে ছিলাম, সেজন্য আমি আজকে বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিচ্ছি এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব।
তিনি জানান, আমি ইতোমধ্যে আমার পদত্যাগপত্র চেয়ারম্যানের কাছে পাঠিয়ে দিয়েছি।
রেদোয়ান আহমেদ বলেন, এলডিপির অধিকাংশ স্থায়ী কমিটির সদস্য ও সারাদেশে এলডিপির নেতাকর্মীরা বিএনপিতে যোগ দিয়ে প্রার্থীদের পক্ষে নির্বাচনে কাজ করবেন।
পরে রেদোয়ান আহমেদকে স্বাগত জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমি তাকে অভিনন্দন জানাচ্ছি। তার এই যোগদান ঘরের ছেলে ঘরে ফিরে আসার মতো। এতে বিএনপি আরও শক্তিশালী হবে।
যোগদান অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ড. রেদোয়ান আহমেদ এর আগে চারবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। বিএনপি সরকারের আমলে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীরও দায়িত্ব পালন করেছিলেন। ২০০৬ সালে বিএনপি ছেড়ে তিনি অলি আহমদের নেতৃত্বে এলডিপিতে যোগ দেন।

নিজস্ব প্রতিবেদক