নওগাঁয় কষ্টি পাথরের মূর্তি উদ্ধার বিজিবির
নওগাঁর পত্নীতলা উপজেলায় পুকুর খননের সময় প্রায় ১৫ কোটি টাকা মূল্যের একটি কষ্টি পাথরের মূর্তি পাওয়া গেছে। আজ বুধবার (২৪ ডিসেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এ তথ্য জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে ১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়ন জানায়, গতকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় সীমান্ত পিলার ২৫৯ এমপি থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে নলপুকুর বুড়োল দীঘি এলাকায় স্থানীয় লোকজন পুকুর খননের সময় একটি প্রাচীন মূর্তি দেখতে পায়। বিষয়টি জানতে পেরে শিমুলতলী বিওপি কমান্ডার সুবেদার মো. তহুরুল ইসলামের নেতৃত্বে ছয় সদস্যের একটি বিশেষ টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় দীঘি থেকে মূর্তিটি উদ্ধার করে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উদ্ধার করা কষ্টি পাথরের মূর্তিটির ওজন আনুমানিক ২৭ দশমিক ৫৮ কেজি। পরে অভিজ্ঞ স্বর্ণকার ও জুয়েলারি সংশ্লিষ্ট ব্যক্তিদের মাধ্যমে নাইট্রিক অ্যাসিড ও স্বর্ণ পরীক্ষাসহ বিভিন্ন পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হয় যে, এটি অত্যন্ত উচ্চমানের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ধার করা মূর্তিটির আনুমানিক বাজারমূল্য ১৫ কোটি টাকারও বেশি।

আসাদুর রহমান জয়, নওগাঁ