বড়দিন উপলক্ষে মোংলায় গির্জায় কেক উপহার বিএনপি প্রার্থীর
খ্রিস্ট ধর্মাবলম্বীদের বড়দিন উপলক্ষে মোংলার বিভিন্ন গির্জায় কেক উপহার পাঠিয়েছেন বিএনপির বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) সংসদীয় আসনের এমপি প্রার্থী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।
আজ বুধবার (২৪ ডিসেম্বর) রাতে শেলাবুনিয়ার প্রধান ক্যাথলিক চার্চে কেক উপহার পৌঁছে দেন পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সেলিম রেজা।
এ সময় সেলিম রেজার সঙ্গে ছিলেন পৌর যুবদলনেতা সরোয়ার হাওলাদার ও উপজেলা ছাত্রদলনেতা হানিফ বাবু।
তারা রাতেই চিলা ও মালগাজী গির্জায়ও পৌঁছে দেন বড়দিনের উপহার কেক।
ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, বড়দিন উপলক্ষে খ্রিস্ট ধর্মাবলম্বীদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। তাদের এ উৎসব যেন নির্বিঘ্ন ও আনন্দময় হয়, আমি সেই প্রত্যাশা করি। এ ছাড়া ধর্মীয় এ উৎসব নিরাপদ করতে বিভিন্ন এলাকায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নিরাপত্তায় বিশেষ নজরদারি করছেন।
এবার মোংলার ৩৯টি গির্জায় অনুষ্ঠিত হচ্ছে বড়দিনের প্রার্থনা ও উৎসব। গির্জাগুলোত শোভা পাচ্ছে ব্যাপক আলোকসজ্জা।
আজ সন্ধ্যা থেকে বিভিন্ন গির্জা পরিদর্শন ও পালক পুরোহিত ও খ্রিস্ট ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি। এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নওসীনা আরিফ।
মোংলা থানার পরিদর্শক (তদন্ত) মানিক চন্দ্র গাইন বলেন, নিরাপত্তায় শেলাবুনিয়ার প্রধান গির্জায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বাকিগুলোতে বিট অফিসারদের মাধ্যমে টহল জোরদার করা হয়েছে।

আবু হোসাইন সুমন, মোংলা