ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফারুক আহমেদ (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কের আন্ধারীঝাড় ইউনিয়নের ব্রিশনাল মোড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ফারুক আহমেদ ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবী ইউনিয়নের দক্ষিণ পাথরডুবী গ্রামের হারুন অর রশিদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা ভূরুঙ্গামারীগামী ‘পাভেল এন্টারপ্রাইজ’ বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ফারুক আহমেদ প্রাণ হারান। এ সময় মোটরসাইকেলের অপর আরোহী ও ফারুকের বন্ধু জাহাঙ্গীর আলম তপু (৩০) মারাত্মকভাবে আহত হন। আহত তপু ঢাকা জেলার কামরাঙ্গীরচর থানার মাদ্রাসা পাড়া এলাকার আব্দুল জব্বারের ছেলে।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহত তপুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর বাসের চালক পালিয়ে গেলেও বাসটি পুলিশ হেফাজতে রয়েছে।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

শামসুজ্জোহা সুজন, কুড়িগ্রাম (ভূরুঙ্গামারী)