অস্ত্র নিয়ে ডাকাতির অভিযোগে গ্রেপ্তার ৭
কুমিল্লার দাউদকান্দিতে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাতচক্রের সর্দার মো. সাদ্দাম হোসেনসহ সাতজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান ও পাইপগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি মডেল থানা এলাকায় একটি সংঘবদ্ধ চক্র ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে তথ্য পাওয়া যায়।
তথ্যপ্রযুক্তির সহায়তায় নিশ্চিত হওয়া যায়, একটি পিকআপে করে ১৪-১৫ জনের একটি দল ইলিয়টগঞ্জ বাজার এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ পাশে লক্ষ্মীপুরগামী সড়কের মুখে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে নীল রঙের একটি রেজিস্ট্রেশনবিহীন পিকআপসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় আরও ৭–৮ জন পালিয়ে যায়।
গ্রেপ্তাররা হলেন- ডাকাত সর্দার মো. সাদ্দাম হোসেন (৩২), মো. সুমন (৩০), মো. দুলাল মিয়া (২৮), মো. সোলেমান ওরফে রুবেল (৩৫), ফকির আহমেদ ওরফে আলাউদ্দিন (৫৫), মামুনুর রশিদ সোহাগ (৩৫) ও মো. শাহীন (২৫)। গ্রেপ্তারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে; যার মধ্যে মামুনুর রশিদের বিরুদ্ধে সর্বোচ্চ ৮টি এবং সাদ্দাম ও আলাউদ্দিনের বিরুদ্ধে ৬টি করে মামলা রয়েছে।
অভিযান শেষে ডাকাত সর্দার সাদ্দাম হোসেনের স্বীকারোক্তি অনুযায়ী তার বসতঘরের পাশে মাটির নিচে লুকানো একটি দেশীয় তৈরি পাইপগান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় দাউদকান্দি মডেল থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কুমিল্লা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ্ বিষয়টি নিশ্চিত করেছেন।

মাহফুজ নান্টু, কুমিল্লা