গোবিন্দগঞ্জে নিখোঁজ ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিখোঁজের একদিন পর ময়নুল ইসলাম তালুকদার (৪৫) নামের এক কলা ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের পশ্চিম পান্তাপাড়া এলাকার একটি বাঁশ বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ময়নুল ইসলাম একই এলাকার মৃত দানেশ উদ্দিন তালুকদারের ছেলে। তিনি পেশায় একজন কলা ব্যবসায়ী ছিলেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, ময়নুল ইসলাম গতকাল শুক্রবার দুপুর থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিকেল থেকে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। পরে সন্ধ্যার দিকে তার সন্ধান চেয়ে ফেসবুকে পোস্টও দেওয়া হয়। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ওই এলাকার বেলাল তালুকদারের বাঁশ বাগানে দুই যুবক বাঁশ কাটতে গিয়ে ঝুলন্ত মরদেহটি দেখতে পায়। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ময়নুলের পরিচয় শনাক্ত করে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পবিত্র কুমার, সেকেন্ড অফিসার সেলিম রেজা ও এসআই নজরুল ইসলাম ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পরিবারের দাবি, নিহত ময়নুল ইসলাম কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি নিয়ে পুলিশের তদন্ত চলমান রয়েছে।

খায়রুল বাসার, গাইবান্ধা (গোবিন্দগঞ্জ)
কৃষ্ণ কুমার চাকী, গাইবান্ধা