নওগাঁয় ৩৩ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, বাতিল ৮ জনের
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ জেলার ছয়টি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। এতে ৪১ জন প্রার্থীর মধ্যে ৩৩ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে এবং ঋণখেলাপী ও ১ শতাংশ ভোটারের তথ্যে গরমিল থাকায় আটজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
আজ রোববার (৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ে এ যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।
আসনভিত্তিক পর্যালোচনায় দেখা গেছে, নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনে আটজন প্রার্থীর মধ্যে পাঁচজনের মনোনয়নপত্র বৈধ হয়েছে। তারা হলেন—মোস্তাফিজুর রহমান (বিএনপি), অধ্যক্ষ মাহবুবুল আলম (জামায়াত), আব্দুল হক শাহ (ইসলামী আন্দোলন), আকবর আলী (জাতীয় পার্টি) ও ডা. ছালেক চৌধুরী (স্বতন্ত্র)। বাতিল হয়েছে নিয়ামতপুর উপজেলা বিএনপির সহসভাপতি নুরুল ইসলাম, মাহমুদুস সালেহীন ও সোহরাব হোসেনের মনোনয়নপত্র।
নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট) আসনে দাখিলকৃত ছয়টি মনোনয়নপত্রের সবক’টি বৈধ ঘোষণা করা হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন—সামসুজ্জোহা খান (বিএনপি), এনামুল হক (জামায়াত), হুমায়ন কবির চৌধুরী (বাংলাদেশ খেলাফত মজলিস), আব্দুর রহমান (খেলাফত মজলিস), দেলোয়ার হোসেন (ইসলামী আন্দোলন) ও মতিবুল ইসলাম (এবি পার্টি)।
নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে আটজন প্রার্থীর মধ্যে ছয়জন বৈধতা পেয়েছেন। তারা হলেন—ফজলে হুদা বাবুল (বিএনপি), মাহফুজুর রহমান (জামায়াত), মাসুদ রানা (জাতীয় পার্টি), কালিপদ সরকার (বাসদ), আব্দুল্লাহ আল মামুন সৈকত (বিএনএফ) ও নাসির বিন আসগর (ইসলামী আন্দোলন)। এক শতাংশ ভোটারের স্বাক্ষরে ত্রুটি থাকায় বিএনপির সাবেক ডেপুটি স্পিকার প্রয়াত আখতার হামিদ সিদ্দিকীর ছেলে পারভেজ আরেফিন সিদ্দিকী জনি এবং স্বতন্ত্র প্রার্থী সাদ্দাম হোসেনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
নওগাঁ-৪ (মান্দা) আসনে সাত প্রার্থীর মধ্যে –পাঁচজনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। তারা হলেন—ডা. ইকরামুল বারী টিপু (বিএনপি), খন্দকার আব্দুর রাকিব (জামায়াত), আলতাফ হোসেন (জাতীয় পার্টি), সোহরাব হোসাইন (ইসলামী আন্দোলন) ও ডা. এস এম ফজলুর রহমান (সিপিবি)। ভোটার তালিকায় গরমিল ও ঋণখেলাপীর কারণে আরফানা আহমেদ ফেন্সী এবং আব্দুস সামাদ প্রামাণিকের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
নওগাঁ-৫ (সদর) আসনে সাতজন প্রার্থীর মধ্যে ছয়জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন—জাহিদুল ইসলাম ধলু (বিএনপি), আ স ম সায়েম (জামায়াত), শফিকুল ইসলাম (সিপিবি), আব্দুর রহমান (ইসলামী আন্দোলন), কাজী আতিকুর রহমান (এবি পার্টি) ও আনোয়ার হোসেন (জাতীয় পার্টি)। তথ্য সঠিক না হওয়ায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসমবায় বিষয়ক সম্পাদক নজমুল হক সনির মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
নওগাঁ-৬ (রাণীনগর ও আত্রাই) আসনে দাখিলকৃত পাঁচটি মনোনয়নপত্রের সবক’টিই বৈধ হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন—শেখ রেজাউল ইসলাম রেজু (বিএনপি), খবিরুল ইসলাম (জামায়াত), রফিকুল ইসলাম (ইসলামী আন্দোলন), আতিকুর রহমান রতন মোল্লা (বাংলাদেশ রিপাবলিকান পার্টি) ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির।
রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা আগামী ৫ জানুয়ারি থেকে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। যাচাই-বাছাইকালে মামলার তথ্য সংক্রান্ত জটিলতায় দুই প্রার্থীর মনোনয়ন সাময়িক স্থগিত থাকলেও পরে তাদের বৈধ ঘোষণা করা হয়। এ সময় জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মোত্তালিব, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জয়ব্রত পালসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আসাদুর রহমান জয়, নওগাঁ