৩৭ লাখ টাকাসহ আটক এলজিইডির নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মামলা
নাটোরে প্রায় ৩৭ লাখ টাকাসহ আটক এলজিইডির নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলামের (৪৩) বিরুদ্ধে রাজশাহীতে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ সোমবার (৫ জানুয়ারি) সকালে দুদক রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইসমাইল হোসেন বাদী হয়ে মানি লন্ডারিং আইনে এই মামলা করেন।
ছাবিউল ইসলাম গাড়ি নিয়ে যাওয়ার সময় গত বছরের ১৪ মার্চ নাটোরে প্রায় ৩৭ লাখ টাকাসহ আটক হন। দুদকের রাজশাহীর আইনজীবী বজলে তৌহিদ আল হাসান বাবলা এ তথ্য জানান।
মামলার এজাহারে বলা হয়েছে, আসামি মো. ছাবিউল ইসলাম বর্তমানে নির্বাহী প্রকৌশলী হিসেবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সদর দপ্তরে কর্মরত। তিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর গাইবান্ধায় নির্বাহী প্রকৌশলী থাকাকালীন নিজের ৩৬ লাখ ৯৫ হাজার ৩০০ টাকাসহ আটক হন। জব্দ করা অর্থের আসল উৎস ও মালিকানা গোপন বা ছদ্মাবৃত করার অসৎ উদ্দেশ্যে ঢাকা-মেট্রো-ঘ-১২-৮৭৯৭ নম্বর গাড়িযোগে অন্যত্র স্থানান্তরের মাধ্যমে মানি লন্ডারিং করেন তিনি। তাকে সহযোগিতা করার জন্য তার গাড়িচালক বাপ্পি কুমার দাসকেও (৫০) মামলার আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে।
রাজশাহী দুদকের আইনজীবী বজলে তৌহিদ আল হাসান বাবলা বলেন, আজ সোমবার সকালে দুদকের পক্ষ থেকে এই মামলা করা হয়েছে।

শ. ম সাজু, রাজশাহী