কোটি টাকা আয় করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন, রয়েছে দেনাও
নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের বিএনপির প্রার্থী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দলীয় মনোনয়ন পেয়েছেন। ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের বিরুদ্ধে ৪৮টি মামলা রয়েছে। তবে সব মামলায় তিনি অব্যাহতি পেয়েছেন।
ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের দাখিলকৃত হলফনামা থেকে জানা গেছে, তার কাছে নগদ আছে এক কোটি তিন লাখ ৩২ হাজার ৯৫৪ টাকা। তিনি পেশায় আইনজীবী। এছাড়া তাঁর নির্মাণাধীন ভবন থেকেও আয় করেন।
হলফনামার তথ্য অনুযায়ী, ব্যারিস্টার অ্যাট ল পাস করা আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকনের বছরে আয় এক কোটি ১৩ লাখ ছয় হাজার ১২৮ টাকা। তাঁর অস্থাবর সম্পত্তি দুই কোটি তিন লাখ ৪৮ হাজার ৭০৪ টাকার এবং স্থাবর পাঁচ কোটি ১৪ লাখ ৮৬ হাজার ৪৮২ টাকার সম্পদ রয়েছে।
বছরে আয়ের মধ্যে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বাড়ি-অ্যাপার্টমেন্ট থেকে ভাড়া পান ১৫ লাখ ১৯ হাজার ৩২৮ টাকা এবং আইন পেশা থেকে বছরে অর্জন করেন ৯৭ লাখ ২৮৬ হাজার ৮০০ টাকা। তিনি ব্যাংকে এফডিআর হিসেবে রেখেছেন ১ কোটি টাকা। তার ব্যক্তিগত লোন রয়েছেন ৮৭ লাখ ৭৩ হাজর ৬৯২ টাকা। মাহবুব উদ্দিন খোকনের ১৫ হাজার ৭৫০ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার রয়েছে। এছাড়া তার ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের ইলেক্ট্রনিক্স পণ্য এবং ৫০ হাজার টাকা মূল্যের আলমারি রয়েছে।
হলফনামায় ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন জমি দেখিয়েছেন। যার মূল্য ১ লাখ ৫৮ হাজার টাকা। এছাড়া তাঁর বাণিজ্যিক ভবন রয়েছে যার মূল্য ৫ কোটি ১৩ লাখ ২৮ হাজার ৪৮২ টাকা। খোকন সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা।
এমপি প্রার্থী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন সোনাইমুড়ী উপজেলার নয়াহাট এলাকার সোনাপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মমতাজ উদ্দিন আহমদ ও মায়ের নাম রওশন আরা বেগম।

নিজস্ব প্রতিবেদক