বিয়েবাড়ির ক্যামেরাম্যানসহ পাঁচ জনকে এলোপাতাড়ি গুলি
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের মৌশাকপুর গ্রামের গাজীটোলা এলাকায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল সোমবার (১৭ আগস্ট) রাত সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে এবং বাকিদের উদ্ধার করে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধরা হলেন- নজরুল ইসলাম শান্ত, মারুফ আহাম্মেদ, জসিম উদ্দিন, সাকিব হোসেন ও বাবলু।
আহত নজরুল ইসলাম শান্ত জানান, তিনটি মোটরসাইকেল ও দুটি সিএনজিচালিত অটোরিকশায় করে তারা কয়েকজন নারীসহ একটি বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে ভিডিও করতে যাচ্ছিলেন। পথিমধ্যে পিছন দিক থেকে তাদের মোটরসাইকেল লক্ষ্য করে আচমকা এলোপাতাড়ি গুলি চালানো হয়। গুলিবর্ষণের শিকার হয়ে তারা মোটরসাইকেল থেকে সড়কে পড়ে যান এবং তাদের মাথা, হাত ও পিঠে গুলি লাগে।
আক্রান্তরা হামলাকারীদের মধ্যে স্থানীয় হারুন ও পিচ্চি রিয়াদ নামে দুই যুবককে চিনতে পেরেছেন বলে দাবি করেন। পরবর্তীতে রিয়াদ পুনরায় গুলি করার চেষ্টা করলে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।
স্থানীয়দের ধারণা, হারুন ও রায়হানের মধ্যকার পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষ ভেবে ভুল করে তাদের ওপর এ হামলা চালানো হয়ে থাকতে পারে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, পিছন থেকে ছররা গুলিতে কয়েকজন আহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি তদন্ত শুরু করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মো. মাসুদ পারভেজ, নোয়াখালী