হিমালয়ের শৈত্যপ্রবাহে দিনাজপুরে বাড়ছে শীতের দাপট
হিমালয় থেকে নেমে আসা তীব্র শৈত্যপ্রবাহে উত্তরাঞ্চলের জেলা দিনাজপুরে শীতের প্রকোপ দিন দিন বাড়ছে। জানুয়ারির শুরু থেকেই হাড়কাঁপানো ঠান্ডা ও হিমেল বাতাসে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পৌষের শেষ প্রান্তে এসে মৃদু শৈত্যপ্রবাহের সঙ্গে ঘন কুয়াশা যুক্ত হওয়ায় শীতের অনুভূতি তীব্রতর হয়েছে। এতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ, বিশেষ করে শ্রমজীবীরা।
আজ শনিবার (১০ জানুয়ারি) ভোর থেকেই দিনাজপুর জেলার অধিকাংশ এলাকা ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে। তীব্র শীতের কবলে পড়ে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শিশু, বয়স্ক ও নিম্ন আয়ের মানুষ। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ঘরের বাইরে বের হতে দেখা যায়নি। ফলে রাস্তাঘাট, হাট ও বাজারে মানুষের উপস্থিতি ছিল খুবই কম; জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে।
দিনাজপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ।
অটোরিকশাচালক ফারুক আহমেদ বলেন, প্রচণ্ড ঠান্ডা উপেক্ষা করেই রাস্তায় নামতে হচ্ছে। কাজ না করলে পরিবার চলবে না। কিন্তু শীতের কারণে যাত্রী সংখ্যা অনেক কমে গেছে।
দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ মো. তোফাজ্জল হোসেন জানান, বর্তমানে জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। বিদ্যমান আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এই পরিস্থিতি আরও কয়েকদিন স্থায়ী হতে পারে এবং শীতের তীব্রতা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)