টিকটক করতে গিয়ে ট্রেনের ধাক্কায় ২ যুবক নিহত
নেত্রকোনার চল্লিশা এলাকায় রেললাইনের পাশে দাঁড়িয়ে টিকটক ভিডিও বানাতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যার দিকে ঢাকা-মোহনগঞ্জ রেলপথের সদর উপজেলার চল্লিশা বাজারে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দিনাজপুর জেলার ছুড়িয়াপাড়া গ্রামের আকাশ রায় (২৪) ও শেরপুর জেলার রাসেল মিয়া (২৫)। তারা উভয়ই স্থানীয় একটি কারখানার শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনটি সদর উপজেলার চল্লিশা বাজার এলাকা অতিক্রম করছিল। এ সময় আকাশ ও রাসেল রেললাইনের একদম পাশে দাঁড়িয়ে মুঠোফোনে টিকটক ভিডিও করছিলেন। অসাবধানতাবশত ট্রেনের ধাক্কায় তারা ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার।

ভজন দাস, নেত্রকোনা