মসজিদের ছাদে টিকটক ভিডিও, স্কুলছাত্রী বহিষ্কার
জামালপুরের দেওয়ানগঞ্জে স্কুল ড্রেস পরে মসজিদের ছাদে গিয়ে টিকটক ভিডিও বানানো এবং তা পোস্ট করায় নবম শ্রেণির এক ছাত্রীকে বহিষ্কার করা হয়েছে।
আজ সোমবার (১১ মে) বিকেলে দেওয়ানগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ ওই শিক্ষার্থীকে বহিষ্কার করে।
বহিষ্কৃত শিক্ষার্থীর বাড়ি বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের কলকিহারা গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে ওই ছাত্রী স্কুল ড্রেস পরে দেওয়ানগঞ্জ মডেল মসজিদের ছাদে গিয়ে টিকটকের জন্য ভিডিও তৈরি করে। এ সময় সে মডেলিং করে ভিডিও ধারণ করে এবং পরে তা টিকটকে পোস্ট করে। সম্প্রতি সেই ভিডিওটি টিকটকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তার এমন কর্মকাণ্ডে উপজেলাজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এতে ওই বিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। পরে বিদ্যালয়ের ঐতিহ্য রক্ষা এবং ভবিষ্যতে অন্য শিক্ষার্থীরা যেন এ ধরনের কর্মকাণ্ডে জড়াতে সাহস না পায়—এ কারণে বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।
আজ সোমবার বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মশিউর রহমান স্বাক্ষরিত এক নোটিশে ওই ছাত্রীকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়।
ওই ছাত্রীর বাবা বলেন, আমার মেয়ে নবম শ্রেণিতে পড়ে। সে আর কতটুকু ভালো-মন্দ বুঝে। আমার মেয়ে না বুঝে একটা ভুল করেই ফেলছে। এজন্য স্কুল থেকে বের করে দেওয়াটা উচিত হয়নি। এতে আমার মেয়ের জীবনে একটা কলঙ্ক লেগে গেল।
দেওয়ানগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মশিউর রহমান বলেন, আমরা চাই আমাদের শিক্ষার্থীরা আদর্শ মানুষ হিসেবে বেড়ে উঠুক। বিদ্যালয়ের সুনাম এবং সুন্দর পরিবেশ রক্ষার দায়বদ্ধতা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে অন্য শিক্ষার্থীরা নিয়মকানুন মেনে চলে নিজেদের নৈতিকতাকে আরও সমৃদ্ধ করবে।

আসমাউল আসিফ, জামালপুর