জামালপুরে দ্বিতীয় হিফজুল কুরআন ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ইসলামি শিক্ষা ও ইসলামি সংস্কৃতির চর্চা বিকাশের লক্ষ্যে জামালপুরে দ্বিতীয় বারের মতো আয়োজন করা হয় হিফজুল কুরআন ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা। প্রতিযোগিতা উপলক্ষে শনিবার (১ আগস্ট) সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের কটারবাড়ী এলাকায় দারুস সুন্নাহ সালাফিয়া মাদ্রাসায় দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইসলামিক স্কলারসহ জামালপুর ও আশপাশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে অর্ধশতাধিক মাদ্রাসার হাজারো শিক্ষার্থীর পদচারণায় মুখর হয়ে উঠে মাদ্রাসা প্রাঙ্গণ।
ইউনিয়নের কটারবাড়ী এলাকার দারুস সুন্নাহ সালাফিয়া মাদ্রাসায় ময়মনসিংহ বিভাগের অর্ধশতাধিক স্কলারস, জামালপুর, কুড়িগ্রাম, শেরপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা জেলার মাদ্রাসা শিক্ষার্থী, শিক্ষক, সাধারণ মানুষের মিলনমেলায় পরিণত হয়। গত বছর সফল আয়োজনের পর এবারও দ্বিতীয় বারের মতো আয়োজন করা হয় এই হিফজুল কোরআন ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা। মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়সহ সৌদি আরবের অন্তত ১০টি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ময়মনসিংহ বিভাগের স্কলারদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ইসলামি একাডেমিক বিষয় ছাড়াও ইসলামি সংস্কৃতির বিভিন্ন মাধ্যমে প্রতিযোগিতার আয়োজন করা হয়। ৫১টি মাদ্রাসার ৭৫০ প্রতিযোগী মোট ১২টি বিষয়ে প্রতিযোগিতায় অংশ নেন। তবে এবারই প্রথম নারী শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন। দারুস সুন্নাহ সালাফিয়া মাদ্রাসা ও মসজিদের বিভিন্ন কক্ষে ক্বিরাত, হিফজুল কুরআন, হিফজুল হাদিস, বাংলা, আরবি, ইংরেজি ভাষায় বক্তব্য, আককিদাহ ও গ্রন্থপাঠ বিষয়ে বিভিন্ন শ্রেণি ভিত্তিক মোট ১২টি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিরা বেশ উৎসাহ নিয়ে প্রতিযোগিতাগুলোতে অংশ নেন এবং স্কলার্সরা বিচারকের দায়িত্ব পালন করেন।
দ্বিতীয়বার এমন প্রতিযোগিতা আয়োজন করায় শিক্ষার্থী, স্কলার্সসহ সবাই বেশ উচ্ছ্বসিত। শুধু পুরস্কারের প্রত্যাশা নয়, নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে, নিজেকে যাচাই করতে, ইসলামি শিক্ষা ও ইসলামি সংস্কৃতি চর্চা এবং বিকাশ, পাশাপাশি ইসলামি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠায় সর্বোপরি মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে প্রতি বছরই এমন আয়োজন করার অনুরোধ জানান আগত সবাই।
প্রতিযোগিতা শেষে মাদ্রাসা প্রাঙ্গণে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দারুস সুন্নাহ সালাফিয়া মাদ্রাসার অধ্যক্ষ ড. শেখ সাদী বিন আব্দুর রশিদ মাদানীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সভাপতি অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক সালাফী, উদ্বোধক হিসেবে দারুস সুন্নাহ সালাফিয়া মাদ্রাসার সভাপতি শাইখ মো. আব্দুল ওয়াহাব, প্রধান আলোচক বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সহসভাপতি শাইখ ড. মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানীসহ অন্য অতিথিরা বক্তব্য দেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
সৌদি আরবে অধ্যয়নরত ময়মনসিংহ বিভাগীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ বিন আব্দুল্লাহ বলেন, গত বছরের আয়োজনটি সার্থক ও সফল হওয়ায় এবারও হিফজুল কুরআন ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ময়মনসিংহ বিভাগ ছাড়াও অন্যান্য জেলার দূর-দূরান্ত থেকে ৫১টি মাদ্রাসার ৭৫০ প্রতিযোগী অংশ নিয়েছেন। এবারই প্রথম ১০টি মহিলা মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। প্রতি বছরই এই আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।
হিফযুল কুরআন ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন নিয়ে দারুস সুন্নাহ সালাফিয়া মাদ্রাসার অধ্যক্ষ ড. শেখ সাদী বিন আব্দুর রশিদ মাদানী বলেন, সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্ররা ছুটিতে এসে এই প্রতিযোগিতার আয়োজন করেছেন। এবারের প্রতিযোগিতায় আগের বারের চেয়ে আরও বেশি সাড়া পেয়েছি। ছেলেদের পাশাপাশি মহিলা মাদ্রাসার শিক্ষার্থীরাও এবার অংশগ্রহণ করেছেন, যা প্রতিযোগিতার নতুন দিক। নতুন প্রজন্মকে কুরআন, সুন্নাহ ও ইসলামি সংস্কৃতির প্রতি আকৃষ্ট করা প্রতিযোগিতার উদ্দেশ্য। কুরআন সুন্নাহ অনুযায়ী সুন্দর সমাজ ও জীবন গঠন এবং শুধু বাংলাদেশ নয় সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ নিয়ে পড়াশোনায় আগ্রহ তৈরি করতেই এই আয়োজন। এর ফলে ইসলামি সংস্কৃতি ও ইসলামের আলো ছড়িয়ে পড়বে সর্বত্র।
প্রতিযোগিতায় আগতরাসহ সমাজের ইসলাম সচেতন ব্যক্তিরা প্রতি বছরই এমন আয়োজন করার আহ্বান জানান।

আসমাউল আসিফ, জামালপুর