নেত্রকোনায় ‘গানে গানে জুলাই’ অনুষ্ঠিত
২০২৪ সালের ঐতিহাসিক ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানের বীরত্বগাঁথা, অসামান্য আত্মত্যাগ এবং বৈষম্যহীন নতুন বাংলাদেশের স্বপ্নকে সুরের মূর্ছনায় ফুটিয়ে তুলতে নেত্রকোনায় ‘গানে গানে জুলাই’ শীর্ষক এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় সোমবার (৩ আগস্ট) রাতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়। প্রশিক্ষক ও কবি পহেলী দে’র সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।
নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান ও জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুখময় সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং নেত্রকোনা পৌরসভার প্রশাসক মুন মুন জাহান লিজা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. আল ইমরান, নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু, জেলা কৃষকদলের সভাপতি সালাউদ্দিন খান মিলকী এবং জেলা কালচারাল অফিসার মো. আতিকুর রহমান।
অনুষ্ঠানের মনোজ্ঞ সাংস্কৃতিক পর্বে দলীয় পরিবেশনায় স্থান পায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘মোরা ঝঞ্ঝার মত উদ্দাম, মোরা ঝর্ণার মত চঞ্চল’, ‘চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল’ ও কালজয়ী দেশাত্মবোধক গান ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’, ‘মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান’ ও ‘আজ যত যুদ্ধবাজ দেয় হানা হামলা বাজ’। গানগুলোর উদ্দীপনামূলক পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
জুলাই অভ্যুত্থানের চেতনা ও গণচেতনা জাগরণে শিল্পকলা একাডেমির এই প্রশংসনীয় উদ্যোগের জন্য বক্তারা আয়োজকদের ধন্যবাদ জানান। অনুষ্ঠানে স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কর্মী এবং বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

ভজন দাস, নেত্রকোনা